দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপ অভিযান জয় দিয়েই শুরু করল ফ্রান্স। প্রথমার্ধে সেনেগালের গোছানো ফুটবলের সামনে কিছুটা ছন্দহীন থাকলেও বিরতির পর ভয়ংকর রূপ ধারণ করে দিদিয়ের দেশমের দল। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল আর ব্র্যাডলি বারকোলার এক গোলে সেনেগালকে ৩-১ ব্যবধানে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
মঙ্গলবার (১৬ জুন) নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে প্রথম ৪৫ মিনিটে ফ্রান্সকে বেশ ভালোভাবেই আটকে রেখেছিল সেনেগাল। তবে দ্বিতীয়ার্ধে মাইকেল ওলিসে ও এমবাপ্পের দুর্দান্ত সমন্বয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় লে ব্লু।
দলের হয়ে জোড়া গোল করে একাধিক রেকর্ডও গড়েছেন এমবাপ্পে। এই দুই গোলের মাধ্যমে ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা হয়েছেন তিনি। ৯১ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫৮, যা ১৩৭ ম্যাচে ৫৭ গোল করা অলিভিয়ে জিরুদকে ছাড়িয়ে গেছে।
বিশ্বকাপের সর্বকালের গোলদাতাদের তালিকাতেও আরও ওপরে উঠে এসেছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। তার বিশ্বকাপ গোলসংখ্যা এখন ১৪, ফলে তিনি পেছনে ফেলেছেন ১৩ গোল করা লিওনেল মেসিকে।
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় এখন এমবাপ্পের সামনে আছেন কেবল তিন কিংবদন্তি। শীর্ষে রয়েছেন ১৬ গোল করা মিরোস্লাভ ক্লোসে। দ্বিতীয় স্থানে ১৫ গোল নিয়ে ব্রাজিলের রোনালদো নাজারিও। আর ১৪ গোল নিয়ে জার্মান কিংবদন্তি গার্ড মুলারের পাশে জায়গা করে নিয়েছেন ফরাসি অধিনায়ক।
চলতি বিশ্বকাপে আরও দুটি গোল করতে পারলেই ক্লোসের বিশ্বরেকর্ড স্পর্শ করবেন এমবাপ্পে। ফলে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নতুন ইতিহাস গড়ার দৌড়ে এখন সবচেয়ে আলোচিত নাম এই ফরাসি তারকা।
এমএস/